16/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চন্দ্র চাকী ✓ঋদেনদিক মিত্রো

Spread the love

কবিতা: বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চন্দ্র চাকী

(৩রা ডিসেম্বর ১৮৮৯–১১আগষ্ট ১৯০৮,
১০ই ডিসেম্বর ১৮৮৮ — ২রা মে ১৯০৮)

ঋদেনদিক মিত্রো

বিপ্লবীদের জীবন পড়ে
শ্রদ্ধাটাকে রাখি,
এসো পড়ি ক্ষুদিরাম ও
প্রফুল্ল চাকী।

বীর ক্ষুদিরাম ছোট্ট কথা,
ব্যাপ্তি অনেক বড়ো,
তোমরা কারা বিপ্লবীদের
জীবন-কথা পড়ো।

আরও পড়ুন: সময়ই আসল চোর ! ✓অনিতা ঘুকু

বিশ্বে যত বিপ্লবী সব,
সবার স্মতির পরে —
বিবেক থেকে কৃতজ্ঞতা —
জাগে ঘরে-ঘরে।

এসো এখন ক্ষুদিরামের
জীবন নিয়ে পড়ি,
এসো এখন তাঁকে নিয়ে
সেই ইতিহাস ধরি।

আঠেরোশো উননব্বই,
৩রা ডিসেম্বর,
হাবিবপুর, মেদিনীপুরে
মধ্যবিত্ত ঘর,

সেখানে তাঁর জন্ম, পিতা
ত্রৈলক্যনাথ,
মাতা লক্ষীপ্রিয়া দেবী,
কিন্তু পরের ধাপ —

সেটা হল মর্মান্তিক,
ছেলেবেলায় মা বাপ —
পৃথিবীটা ছেড়ে গেলেন,
ক্ষুদিরাম অনাথ।

দিদি অপরূপা দেবীর
কাছে বড় হন,
পড়াশুনা, দেশপ্রেমে
তিনি দিলেন মন।

মেদিনীপুর কলেজিয়েট
স্কুলে পড়ার সময় —
বিপ্লবীদের দলে মিশে
কেটেই গেলো ভয়,

শিক্ষক সত্যেন্দ্রনাথ
বসুর কাছে শিক্ষা,
যিনি “যুগান্তর” দলের
হয়েই দিতেন দীক্ষা।

স্বাধীনতার আদর্শতে
ক্ষুদি দিলেন মন,
কন্ঠে নিলেন বঙ্গিমের
“বন্দেমাতরম”।

উনিশশো ছয় সালে,
মেদিনীপুর জেলায়
বৈপ্লবিক ইস্তাহার
কৃষি ও শিল্প মেলায়

সাহস নিয়ে বিলি করে
প্রথমবার গেপ্তার,
এর পরেতে ছাড়া পেয়ে
উদ্দেশ্য তাঁর —

নতুন কাজে নামতে হবে
দেশমাতার জন্য,
এর মধ্যেই “দুঃসাহসি”
হিসেবে তো গণ্য

হয়ে গেছেন সমাজেতে,
মুখে-মুখে ওড়ে,
বসু বাড়ির ঐ ছেলেটা
দেশের হয়ে লড়ে।

বিলি করে ইস্তাহার —
গিয়েছিল জেলে,
কতটুকু বয়সেতে —
বিপ্লবী এই ছেলে।

এবার ক্ষুদি লক্ষ্য নিলেন
কিংসফোর্ডকে চাই,
অত্যাচারি ম্যাজিস্ট্রেট,
দেশে কটা পাই!

কিংসফোর্ডের বদলি হল
মুজফফরপুরে,
সেখানটাতে যেতে হবে
সকল বাধা তুড়ে।

উনিশশো আট সালে
৩০শে এপ্রিল,
সকল লক্ষ্য ভ্রষ্ট হল,
ভুল শুধু এক তিল।

কিংসফোর্ডের গাড়িতে তো
ছিলেন না কিংসফোর্ড,
সেই গাড়িতে বোমা মেরে
ভুল হয়ে যায় জোর,

সেই গাড়িতে ছিলেন তখন
মেয়ের পাশে মা,
মিসেস কেনেডির সঙ্গে
তাঁর এক কন্যা।

দুই মহিলা মারা গেলেন,
এবার দুজন ছুট,
ক্ষুদিরাম পড়েন ধরা,
নির্ভিক আর চুপ।

প্রফুল্ল চন্দ্র চাকি
একই সাথে নাম,
পিস্তলটা নিয়ে সাথে
পালিয়ে যেতে চান।

তাঁর দেহটা পাওয়া গেল
গুলিবিদ্ধ মাথা,
আত্মহত্যা বলে ছড়ায়,
আসল তথ্য চাপা।

অনেক বছর পরে জানি,
পুলিসেরই থেকে
গুলি খেয়েই মৃত্যুটা হয়,
দৌড়ে এঁকে-বেঁকে।

প্রফুল্ল চাকির নাতির
পরিবারের দ্বারা
এই সত্য প্রমাণ পেল,
দেশকে দিল নাড়া।

তাঁরা প্রমাণ জোগাড় করেন
যুক্তি দিয়ে বুঝে,
একই সাথে পুরানো সব
খবর কাগজ খুঁজে।

এসব প্রমাণ হয়েছিল
স্বাধীনতার পরে,
যখন কিনা বিপ্লবীগন
অমর — ঘরে-ঘরে।

সেসব কথা অনেক আছে,
এখন ফিরে আসি,
তারপরে তো ধরা পড়ে
ক্ষুদিরামের ফাঁসি।

ক্ষুদিরাম দৌড়ে পালান
রাত্রে প্রাণপণে,
পঁচিশ মাইল পেরিয়ে পর
ওয়াইনি স্টেশনে।

১লা মে ১৯০৮,
সকাল বেলার ছবি,
স্টেশন পেয়ে ক্ষুদি ওঠেন
জল পাওয়া যায় যদি।

জামা কাপড় ধুলায় ভরা
ক্ষুধার্ত, ক্লান্ত,
মুদিদোকান দেখেই চান
জল, — খুব শান্ত।

পায় জুতা নেই, শরীরটা
কিছু নয় — চায় জল,
অদূর থেকে লক্ষ্য করে
দুজন কনষ্টেবল —

ফতেহা ও শিবপ্রসাদ সিং,
এই দুইজন তারা,
রাতে টেলিগ্রামে জানে—
গাড়িতে বোম মারা।

ফতেহ সিং সন্দেহ করে
ক্ষুদিরামকে দেখে,
কাছে তিরিশ টাকা এবং
আর কী লুকিয়ে রেখে —

কী বলতে চায় এ-তরুণ,
নাম কী, প্রশ্ন করা,
প্রথমে তো মিথ্যে বলে
দেননি তিনি ধরা।

পরে তো সব বলে দিলেন,
বলেন নিজের নাম,
বোম মারবার কাহিনীতে,
তিনিই ক্ষুদিরাম।

৩৭ রাউন্ড রিভলভারের
কার্তুজ তাঁর কাছে।
এসব যাদের কাছে মেলে
সঙ্গেও কেউ আছে।

এসব নিয়ে ধরা পড়ে
সোজা জেলে স্থান,
তারপরে তো ফাঁসির দিনে
ফাঁসি কাঠেই প্রাণ।

কোনোভাবেও চাননি ক্ষমা,
শুধু বলেছেন,
অজান্তে নীরিহ খুনে
কী ভুল করেছেন।

এটা হল কাঠগোড়াতে
আদালতের মাঝে,
ফাঁসির মঞ্চে কী ঘটনা
শুনে চমকে যাবে।

ফাঁসির দড়ি পরার আগে
ক্ষুদিরামের প্রশ্ন,
দড়িতে মোম ঘসা কেন,
কী কারণের জন্য।

সেখানটাতে সবাই অবাক,
চোখগুলো বিষ্ময়,
এটুক্ ছেলে কী অকপট,
মৃত্যুতে নেই ভয়?

সবার চক্ষু ভিজে গেল,
এঁরাই তো বিপ্লবী,
ঘরে-ঘরে থাকে যাঁদের
জীবনী আর ছবি।

তারপরে সব হয়েছিল
ফাঁসির নিয়ম মেনে,
কিন্তু ফাঁসির ভয়ে কি আর
বিপ্লব যায় থেমে।

তারপরে তো অজ্ঞাত এক
কবি লেখেন গান,
“অজ্ঞাত” ছদ্ম নামেই
ছড়ায় দেশে নাম।

সেই গানটি কী বলতো,
পড়লে কেঁদে ভাসি,
প্রথম লাইন “একবার বিদায়
দে মা ঘুরে আসি।”

কত বছর আগে লেখা,
জয় করে অন্তর,
কত বছর পরে সে গান
লতা মুঙ্গেস্কর —

গেয়ে তিনি জাগিয়ে দিলেন
সারা দেশের প্রাণ,
সে-অজ্ঞাত কবি পেলেন
ইতিহাসে স্থান।

সেই যে অজ্ঞাত কবি —
পরে জানা যায়,
তিনি পিতাম্বর দাস
বাড়ি বাঁকুড়ায়।

উনিশশো ছেষট্টি সাল,
“সুভাষচন্দ্র” ফিল্মে —
পীযুষ বসুর তৈরি চিত্রে
তখনকার দিনে —

অপরেশ লাহিড়ী লাগান
লতাজীরই কন্ঠে,
ইতিহাস হয় সে-সঙ্গীত
ভারতবাসীর মন্ত্রে।

দরকার, কত কিছু জানা
জানতে না চাই যদি,
কেমন করে বড় হবো —
যদি না বড়য় মজি।

১১ই আগষ্ট ছিল
ক্ষুদিরামের ফাঁসি,
গলায় দড়ি নিয়ে তবু
মুখে খুশির হাসি।

প্রফুল্ল চন্দ্র চাকীর
হয়েও কাঁদে মন,
বিহার গ্রাম, জেলা বাগুড়া,
পিতা রাজনারায়ণ।

মাতার নাম স্বর্ণময়ী,
তাঁদেরই সন্তান,
বিহার গ্রামে জন্ম হলেন,
প্রফুল্ল হয় নাম।

বাগুড়া জেলা পড়েছে
বাংলাদেশের ভাগে,
আগে ছিল এক বাংলায়
স্বাধীনতার আগে।

১০ই ডিসেম্বর জন্ম,
আঠেরশো অষ্ট আশি,
২রা মে উনিশশো আট,
ঘুমালো তাঁর হাসি।

বিহার রাজ্যে মোকামা ঘাট,
পুলিসের গুলিতে,
ঘুমিয়ে পড়েন এই ছেলেটি
দেশকে মুক্তি দিতে।

এপ্রিল তিরিশ, বোমটা মেরে
দৌড় ক্ষুদিরাম,
প্রফুল্ল হাওড়া-মুজাফরপুর
রুটে ট্রেনে পালান,

২রা মে এক দারোগা
ব্যানার্জি নন্দলাল,
চিনে ফেলে প্রফুল্লকে,
অবাক বেসামাল,

প্রফুল্ল যেই পালাতে চান,
পুলিস ঘিরে ফেলে,
প্রফুল্লও যুদ্ধ করে
ছুটেই চলে ঠেলে,

মোকামা ঘাট স্টেশনে
হলো গুলি ছোঁড়া,
বেঁচে থাকা অবস্থাতে
যায়নি তাঁকে ধরা।

পুলিসেরই গুলি খেয়ে
গড়িয়ে পড়েন শেষে,
কত মহৎ জীবন যেতে
আমরা স্বাধীন দেশে।

ক্ষুদিরাম যে স্টেশনে
ধরা পড়ে যান,
সেই স্টেশন আজকে দিনে
নিয়েছে কী স্থান।

অনেক পরে সেই স্টেশন
হল নামকরণ,
দেখে এসো “ক্ষুদিরাম
বোস পিসা স্টেশন।

সমস্তিপুর, বিহারে,
সেই স্টেশনে কি
বীর ক্ষুদিরাম নিজের মত
করেন হাঁটাহাঁটি।

মোকামা ঘাট স্টেশনে
রাতের বেলায় নাকি
তেমনি করে হেঁটে বেড়ান
প্রফুল্ল চাকি।

দেখার চক্ষু থাকে যদি,
দেখতে পারি সব,
জ্ঞানে, মনে থাকে যদি
সত্যি অনুভব।

বিপ্লবীদের ব্যাপকতায়
অতীত কথা বলে,
আমরা শুধু মাথা নুয়ে
কাঁদি চোখের জলে।

———————–
( রচনা: ২৬ ও ২৭শে সেপ্টেম্বর ২০২৬। দেশ ও বিশ্বের সবাইকে বিপ্লবীদের জীবন ও অনুভূতির সত্য প্রবেশ করাতে কপিরাইট আইন হালকা করে এইসব ক্ষেত্রে এই কবিতা কবির লিখিত অনুমতিতে কোথাও কোথাও পুনঃমুদ্রিত হতে পারে, একান্ত মানবিক কারণেই। অবশ্যই কিছু মানবিক শর্ত সহ, কিন্তু এই মহৎ উদ্দেশ্যে অর্থ নিয়ে কোনো শর্ত নেই।)

বি-দ্র: বিশেষ উৎসাহ ও ছবির জন্য কৃতজ্ঞতা, শ্রদ্ধেয় সুব্রত চাকি ও “বিপ্লবী প্রফুল্ল চাকি ফাউন্ডেশন”।
————————————–

N.B.: Feature image made by AI

লেখক

ঋদেনদিক মিত্রো

মোট প্রকাশিত লেখা: 50 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp