শিক্ষক, কবি ও সংস্কৃতিসেবী অবিনাশ চন্দ্র মণ্ডলের বহুমাত্রিক সৃজনশীল জীবন
সংবাদ:
শিক্ষা, সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চায় দীর্ঘদিনের অবদানের মাধ্যমে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন শিক্ষক, কবি, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী অবিনাশ চন্দ্র মণ্ডল। তিনি ১৯৭৮ সালের ১২ জানুয়ারি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন প্রয়াত স্কুল শিক্ষক কালীদাশ মণ্ডল এবং মাতা প্রয়াত আশালতা দেবী।
শিক্ষাজীবনে তিনি ১৯৯৩ সালে কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯৫ সালে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯৮ সালে বাংলা সাহিত্যে স্নাতক, ১৯৯৯ সালে একই বিষয়ে স্নাতকোত্তর এবং ২০০০ সালে বি.এড. ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরু হয় ২০০১ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের একটি ডেভেলপমেন্ট প্রকল্পে গবেষণা কর্মকর্তা হিসেবে। প্রকল্প শেষে ২০০৮ সালে কিশোরগঞ্জের আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১০ সালে ঢাকার উত্তরা মডেল টাউনের ঐতিহ্যবাহী নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর গভীর অনুরাগ। কলেজ ম্যাগাজিনে কবিতা লিখে প্রথম পুরস্কার অর্জনের মাধ্যমে সাহিত্যাঙ্গনে তাঁর আত্মপ্রকাশ। খুলনার স্থানীয় পত্রিকা ও জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত লেখালেখির পাশাপাশি ১৯৯৭ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসা’ প্রকাশিত হয়। একই বছরে তিনি প্রতিষ্ঠা করেন ‘ত্রিপদী সাহিত্য সংসদ’, যা তাঁর সাহিত্যজীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক।
সাহিত্যের পাশাপাশি সংগীতচর্চায়ও তিনি সমানভাবে সক্রিয়। ২০১৫ সালে বুলবুল ললিতকলা একাডেমি থেকে রবীন্দ্রসংগীতের ওপর চার বছরের কোর্স সম্পন্ন করেন। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি, সংগীতচর্চা, সুরারোপ এবং চিত্রাঙ্কনে নিয়মিত সময় দিচ্ছেন।তিনি গীতিকবি মো:এমরান হোসেন, পান্থ প্রসাদ,মোস্তাফিজুর রহমান,রনজিত কুমার মণ্ডল ও সুলতান মাহমুদ বাটাজোড় সহ বহু গীতিকবির গানে সুরারোপ করেছেন এবং তাঁরই হাতে গড়া শিল্পীদের কণ্ঠে সেই গানগুলো Abinashi songs ইউটিউব চ্যানেলে নিয়মিত ভাবে পরিবেশিত হচ্ছে।
সাহিত্য, শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১.কাব্যশ্রী সাহিত্য পুরস্কার-২০২৪,
২.বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার-২০২৫,
৩. মাদার তেরেসা স্মৃতি পুরস্কার-২০২৫,
. ৪.বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড (বিপিএ)-২০২৬
৫.ড.মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা -২০২৬
৬.কবি জীবনানন্দ স্মৃতি পুরষ্কার -২০২৬
৭.অমর সাহিত্য সম্মাননা -২০২৬ এবং
৮. মাদকবিরোধী অ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ভাই ও চার বোনের মধ্যে পঞ্চম সন্তান। তাঁর বড় ভাই মনোরঞ্জন মণ্ডল একজন স্বনামধন্য শিক্ষক, সংগঠক ও সমাজসেবক। স্ত্রী সুচিত্রা মণ্ডল একজন সহকারী শিক্ষক এবং তাঁদের একমাত্র কন্যা শ্রীতমা দেবী বর্তমানে মাইলস্টোন কলেজে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।
শিক্ষা, সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার সমন্বয়ে অবিনাশ চন্দ্র মণ্ডল নিজেকে একজন বহুমাত্রিক সৃষ্টিশীল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কর্ম ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মকে শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চায় অনুপ্রাণিত করে চলেছে।