আমার দুগ্গা
ভুবন বন্দ্যোপাধ্যায়
তোদের দুগ্গা খায় না কিছু
কত খাবার দিস,
আমার দুগ্গা পায় না খেতে
কেবা খবর নিস ?
দিস তোদের দুগ্গাকে সব
দামি শাড়ি গয়না,
আমার দুগ্গা কারো কাছে
একটা টেনা পায়না ।
আরও পড়ুন: মাটির কান্না ✓তুলসী দাস বিদ
দুগ্গা তোদের আসলে ঘরে
খরচা করিস কত,
আমার দুগ্গা ভিক্ষা চাইলে
কিছুই দিস নাতো ।
আলোর সাজে সাজাস ওই
তোদের দুগ্গা মাকে,
আমার দুগ্গা গাছের তলায়
অন্ধকারেই থাকে ।
তোদের দুগ্গা মায়ের দেখি
ভক্ত যে সব ছেলে,
আমার দুগ্গার সন্তান দুটি
গিয়েছে তাকে ফেলে ।
তোদের দুগ্গা এক বছরে
চারটে দিনই থাকে,
আমার দুগ্গা বারো মাসই
আগলে আমায় রাখে ।
_________