প্রস্থানপত্র
লেখক: আরিয়ান খান হাবিল
(বাংলাদেশ)
সেদিন বিকেলে বৃষ্টি হওয়ার সম্ভবনা ছিল না। সকাল থেকেই আকাশ পরিষ্কার, রোদও ছিল বেশ। অথচ বিকেল গড়াতেই হঠাৎ মেঘ জমল। প্রথমে দু এক ফোঁটা, তারপর ধীরে ধীরে বৃষ্টি নামল। রাস্তার পাশের চায়ের দোকানটায় লোকজনের ভিড় বাড়তে লাগল।
”কাজিন রেজা” দোকানের এক কোণে বসে ছিল। সামনে এক কাপ চা, পাশে পুরোনো একটি ব্যাগ। চা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ। তবু সে কাপটা সরাচ্ছিল না। দোকানদার দুবার জিজ্ঞেস করেছেন, আরেক কাপ চা লাগবে কি না। রেজা প্রতিবারই মাথা নেড়ে না বলেছে।
রেজার হাতে একটা খাম। সাদা রঙের সাধারণ খাম। বাইরে কোনো ঠিকানা নেই, প্রাপকের নামও লেখা হয়নি। শুধু ওপরের দিকে ছোট করে লেখা “প্রস্থানপত্র”।
কাগজটা সে গত রাতেই লিখেছে। অবশ্য একবারে নয়। কয়েকবার লিখে কেটেছে, আবার নতুন করে শুরু করেছে। শেষ পর্যন্ত যা লিখেছে, সেটাও তার কাছে সম্পূর্ণ মনে হয়নি। রেজার বয়স পঁচিশ মাত্র । একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। ঢাকায় থাকে, মাসের শেষে বাড়িতে টাকা পাঠায়। তার জীবনকে বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হবে। অফিস, বাসা, বাজার, মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে দেখা করা এভাবেই চলছে।
কিন্তু মানুষের জীবন কি শুধু প্রতিদিনের কাজের হিসাব দিয়ে বোঝা যায়?
প্রায় পাঁচ বছর আগে রেজার সঙ্গে ” তিশার” পরিচয় হয়েছিল কলেজের এক বন্ধুর মাধ্যমে। প্রথম দিকে দুজনের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক ছিল না। দেখা হলে কথা হতো, কখনো কোনো বই নিয়ে আলোচনা, কখনো পরিচিত কারও খবরাখবর।
”তিশা” খুবই সাধারন প্রকৃতির মেয়ে, খুব বেশি কথা বলত না। তবে প্রয়োজনের সময় ঠিকই কথা বলত। তার একটা অভ্যাস ছিল, কেউ কোনো কথা বললে মন দিয়ে শুনত। রেজার কাছে ব্যাপারটা ভালো লাগত।
একদিন বিকেলে তিশা বলেছিল, মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য সব সময় বড় কোনো ঘটনা লাগে না। অনেক সময় ছোট ছোট অবহেলাই যথেষ্ট।
রেজা তখন কথাটার বিশেষ গুরুত্ব দেয়নি। হেসে বলেছিল, তাহলে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রতিদিন হিসাব রাখতে হবে?
তিশা উত্তর দিয়েছিল, হিসাব না, একটু খেয়াল রাখতে হয়। সেই কথাটা আজও রাহাতের মনে আছে।
সময়ের সঙ্গে তাদের যোগাযোগ বেড়েছিল। প্রতিদিন কথা না হলেও সপ্তাহে দু-একবার কথা হতো। কেউ কোথাও গেলে অন্যজনকে জানাত। কোনো সমস্যা হলে পরামর্শ চাইত। সম্পর্কটার কোনো নির্দিষ্ট নাম ছিল না, কিন্তু দুজনের জীবনেই একটা জায়গা তৈরি হয়েছিল।
তারপর একসময় সবকিছু বদলাতে শুরু করল।
তিশার বাবার অসুস্থতার কারণে তাদের পরিবার অন্য জেলায় চলে যায়। নতুন শহর, নতুন পরিবেশ, সংসারের বাড়তি দায়িত্ব সব মিলিয়ে তিশার ব্যস্ততা বেড়ে যায়। অন্যদিকে রোজাও চাকরি নিয়ে ঢাকায় স্থায়ী হওয়ার চেষ্টা করছিল।
শুরুতে দূরত্বটা তেমন বোঝা যায়নি। দু-একদিন কথা না হলেও পরে আবার কথা হতো। কিন্তু একসময় সেই দু-একদিন সপ্তাহে পরিণত হলো। তারপর মাসে। রেজা কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল। তিশা উত্তর দিয়েছে, তবে আগের মতো নয়। কথাগুলো ছোট হয়ে আসছিল। একসময় উত্তর দেওয়ার সময়টাও অনিয়মিত হয়ে গেল। রেজা বুঝতে পারছিল, কিছু একটা বদলে গেছে। কিন্তু কী বদলেছে, সেটা জানতে চাওয়ার সাহস তার হচ্ছিল না।
একদিন রাতে সে লিখেছিল, আপনার কি আমার ওপর কোনো অভিমান আছে?
অনেকক্ষণ পর উত্তর এসেছিল, না, তেমন কিছু নয়। আসলে এখন অনেক কিছু সামলাতে হচ্ছে।
রেজা আর কিছু জিজ্ঞেস করেনি।
মানুষ কখনো কখনো উত্তর পেয়েও প্রশ্নের মধ্যে থেকে যায়।
এরপর প্রায় ছয় মাস কেটে গেছে। এই সময়ে তিশার সঙ্গে তার আর কোনো কথা হয়নি। মাঝেমধ্যে পুরোনো কথোপকথনগুলো পড়েছে রেজা । কিছু ছবি দেখেছে। এমনকি একদিন পুরোনো একটি বইয়ের ভেতর থেকে নীলার দেওয়া ছোট্ট কাগজও পেয়েছিল। সেখানে লেখা ছিল, ‘বইটা পড়ে ফেরত দিয়ো। তবে তাড়াহুড়ো নেই।’
বইটা এখনো ফেরত দেওয়া হয়নি।
বাইরে বৃষ্টি আরও বেড়েছে। চায়ের দোকানের সামনে জমে থাকা পানিতে গাড়ির চাকা ছিটকে যাচ্ছে। রেজা খামটা ব্যাগের ভেতর রেখে উঠে দাঁড়াল। বাসায় ফিরে সে ভেজা জামা বদলে টেবিলের সামনে বসল। ঘরটা ছোট, এক পাশে বিছানা, অন্য পাশে বইয়ের তাক। টেবিলের ওপর কিছু প্রয়োজনীয় কাগজপত্র আর পুরোনো একটি ডায়েরি পড়ে আছে।
সে খাম থেকে চিঠিটা বের করল। চিঠিতে লেখা ছিল-
”তিশা”,
অনেক দিন হলো আপনার সঙ্গে কথা হয় না। কেন হয় না, তার সঠিক উত্তর আমার জানা নেই। হয়তো সময়ের অভাব, হয়তো পরিস্থিতি, কিংবা হয়তো মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন আসে, যার জন্য কাউকে দায়ী করা যায় না।
একসময় আপনার সঙ্গে অনেক সাধারণ কথা হতো। দিনের শেষে কী খেয়েছি, কোথায় গিয়েছি, কোনো বই ভালো লেগেছে কি না এসব নিয়েই কত সময় কেটে যেত। তখন বুঝিনি, সাধারণ কথাগুলোই একদিন এতটা মনে পড়বে।
আপনার কাছে আমার কোনো অভিযোগ নেই। প্রত্যেক মানুষের নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে। কারও জীবনে থাকতে হলে তার ইচ্ছাটাও প্রয়োজন।
শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে। পরিচিত মানুষের তালিকা থেকে কাউকে হারিয়ে ফেলা খুব সহজ, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা সময়গুলোকে কোথায় রাখা যায়, সেটা আমি এখনো বুঝতে পারিনি।
আপনি ভালো থাকবেন। নিজের যত্ন নেবেন।
এই চিঠির কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। হয়তো কিছু সম্পর্কের শেষ কথাটা বলার জন্যই এই চিঠি।
ইতি,
রেজা
চিঠিটা পড়ার পর সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ভাঁজ করে খামের ভেতর রাখল।
পরদিন সকালে অফিসে যাওয়ার আগে খামটা ব্যাগে নিয়ে বের হলো। রাস্তার মোড়ে ডাকঘর। আগে অনেকবার এই রাস্তা দিয়ে গেছে, কিন্তু কখনো কোনো চিঠি পাঠানোর প্রয়োজন হয়নি।
ডাকঘরের সামনে দাঁড়িয়ে সে কিছুক্ষণ ভেতরের দিকে তাকিয়ে রইল। তারপর খামটা বের করল।
কিন্তু খামের ওপর কোনো ঠিকানা লেখা নেই।
রাহাতের হঠাৎ মনে হলো, যার কাছে চিঠিটা পৌঁছানোর কথা, তার ঠিকানাটাই তো আর তার জানা নেই।
সে খামটা আবার ব্যাগে রেখে দিল।
সেদিন অফিসে কাজের ফাঁকে কয়েকবার ব্যাগের দিকে তাকিয়েছে। বিকেলে বাসায় ফেরার পর খামটা ডায়েরির ভেতর রেখে দিল। তারপর নিজের মতো করে দিন চলতে লাগল।
কয়েক মাস পর এক বন্ধুর বিয়েতে তিশার সঙ্গে দেখা হয়েছিল।
অনেক মানুষের ভিড়ে প্রথমে তিশাকে চিনতে পারেনি রেজা। তিশাই এগিয়ে এসে বলেছিল, কেমন আছেন?
রেজা একটু অবাক হয়েছিল। তারপর বলেছিল,
ভালো। আপনি কেমন আছেন?
ভালো আছি। আপনার চাকরি কেমন চলছে?
চলছে। আপনার?
আমারও ভালো।
এরপর দুজনেই চুপ করে গিয়েছিল।
এতদিনের জমে থাকা কথাগুলো যেন হঠাৎ করেই অপ্রয়োজনীয় হয়ে গেল। কেউ কাউকে কোনো প্রশ্ন করল না। পুরোনো দিনের প্রসঙ্গও উঠল না।
কিছুক্ষণ পর তিশা অন্যদের সঙ্গে কথা বলতে চলে গেল।
রেজা দূর থেকে তাকে দেখছিল। তার মনে হলো, মানুষ আসলে সব সময় হারিয়ে যায় না। কখনো কখনো সামনে থেকেও অচেনা হয়ে যায়।
বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রেজা বাসের জানালার পাশে বসেছিল। বাইরে শহরের আলো একটার পর একটা পিছিয়ে যাচ্ছিল। তার মনে পড়ল, ডায়েরির ভেতর সেই খামটা এখনো আছে।
বাসায় ফিরে সে ডায়েরিটা বের করল। খামটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকল। তারপর চিঠিটা খুলে আবার পড়ল।
এবার সে চিঠির নিচে নতুন করে একটা লাইন যোগ করল।
”সব প্রস্থান কাউকে জানিয়ে হয় না। কিছু মানুষ কোনো বিদায় না বলেই আমাদের জীবন থেকে সরে যায়। আর আমরা অনেক দিন ধরে তাদের চলে যাওয়ার কারণ খুঁজতে থাকি”।
চিঠিটা আবার ভাঁজ করে ডায়েরির ভেতর রেখে দিল। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় ডায়েরিটা আলমারির তাকে তুলে রাখল। দরজাটা বন্ধ করে একবার ঘড়ির দিকে তাকাল। প্রতিদিনের মতোই দেরি হয়ে যাচ্ছে। রেজা বেরিয়ে পড়ল।
তারপর অনেক দিন কেটে গেছে। তিশার সঙ্গে আর দেখা হয়নি। চিঠিটাও কোথাও পাঠানো হয়নি। তবে রেজার জীবনে নতুন মানুষ এসেছে, নতুন পরিচয় হয়েছে। সে কাজ করে, বন্ধুদের সঙ্গে দেখা করে, ছুটির দিনে বাড়ি যায়।
সবকিছুই আগের মতো চলছে।
শুধু মাঝে মাঝে কোনো বৃষ্টির বিকেলে চায়ের দোকানে বসে থাকলে তার মনে পড়ে সেই খামটার কথা। মনে পড়ে, একসময় একজন মানুষকে অনেক কিছু বলার ছিল তার।
অথচ শেষ পর্যন্ত কিছুই বলা হয়নি।
হয়তো সেই চিঠির নাম প্রস্থানপত্র ছিল বলেই সেটি কখনো কোথাও পৌঁছায়নি।
কিছু বিদায়ের কোনো ঠিকানা থাকে না।