দেখো এখনো তোমার আকাশে সেই ধ্রুবতারা ঠিকই আছে,
শুধু চোখ দুটো ঘুরিয়ে নিয়েছো অভিমানে অথবা আক্রোশে।
যোগ বিয়োগের গল্পে পথ ভুলেছি,
ঝড়ের দাপটে বারবার দিশেহারা আমি,
তবু ঠিকানা বদলায়নি কখনো,
তুমিও বুঝতে এ মানুষ হারাবার নয়।
তবে ঠিক কোন মোহবলে,কোন রোষে পরে,
ঠুনকো জয়ের পিছু হেঁটে হারিয়ে দিলে আমায়?
সত্যি কি জিতে গেছো?সত্যি আনন্দে আছো?
নাকি মস্তিষ্কের ঐ সুক্ষ্ম অহং টা পরিহাস করছে তোমায়?
আসলে অঙ্ক বুঝিনি কোনদিনই,
শুধু বেহিসেবী খরচ করেছি,
কখনও সময়,কখনও আবেগ,কখনও সবটুকু অনুরাগ।
বদলে শুধু তোমার উপস্থিতি সেরা প্রাপ্তি ছিল।
তবু সেসবই বোধহয় ভার বাড়িয়েছিল তোমার।
দুর্মুখ,উড়নচণ্ডী,আত্মভোলা মানুষটাকে তাই
খুব সহজে বাজিমাত করে চলে গেলে!
তাকালে না একবারো প্রানহীন মুখে চেয়ে।
কাঁপল না একবারো বুকের বামদিক!
বিপরীতে পরে রইল অন্তহীন রক্তক্ষরণ,
তোমার অটুট অহংকারে…
বেহিসেবী অনুরাগ – শ্যামলী তালুকদার