অস্তিত্বের গোপন ভাষা

রোকেয়া ইসলাম
বৃষ্টি নামে অনুচ্চারিত শব্দের ভেতর
প্রতিটি ফোঁটা যেন সময়ের বিচূর্ণ আয়না,
নিজের ক্ষতচিহ্ন দেখে চমকে উঠি
মেঘেরও নির্বাসন অত্যাবশ্যক
পৃথিবীর বুকে অশ্রু চিহ্ন রেখে যায়।
বর্ষার নদী সমুদ্র সমর্পণে
নিজেকে হারানোর মহৎ শিল্প।
গাছেরা বৃষ্টির জল ছুঁয়ে সবুজ উচ্চারণ করে,
মানুষের কাছে উত্তরহীন অসমাপ্ত প্রশ্ন ।
বৃষ্টিভেজা সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে
হঠাৎ মনে হয় স্মৃতির দীর্ঘ ক্যনভাসে
দরজার ওপাশে একটি অনুপস্থিত মুখ।
দুইশত ষাটে জেগে থাকা সোডিয়াম আলো
আষাঢ়ের সরবে ঝরে পড়ে অবিরাম,
জমাট ভালবাসা একদিন
হৃদ আকাশে গভীর মেঘ হতে চায়….