৩টি কবিতা, পৃথিবী ও জৈবিক প্রেম নিয়ে ২টি ঃ রেখা নাথ, ভারত
কবিতা -১
জীবন
রেখা নাথ
কোটি কোটি টাকা ব্যয় করে
জীবন খুঁজে মরে, সমৃদ্ধ দেশ
গ্রহ থেকে গ্ৰহান্তরে।
হায়, জীবনের একি পরিহাস!
কোটি কোটি টাকা ব্যয় করে
পৃথিবীর বুকে চলে জীবনের নাশ।
————————–
কবিতা -২
হৃদয়ে রাখো হাত
রেখা নাথ
কেউ বোঝে না
তুমি যতই বোঝাতে চাও
তোমার কথা কেউ বুঝবে না
তুমি প্রাণপাত করে দাও। তবু –
তারা তোমার কথা বুঝবে না।
যে যার নিজের মত করে বুঝে নেবে
বোঝা ও বোঝানোর পালা
অনন্ত দীর্ঘ —-
তবে কেন এত কথা বলা?
তবে কেন এত শব্দের অপচয়?
তবে কেন এত রক্তক্ষরণ?
তবে কেন কথার তিক্ততায়
শুধু গুমরে মরা?
কথায় আছে ছলনা,
কথার মধ্যে কথা,
কথার মারপ্যাঁচে শুধু
নাস্তানাবুদ হওয়া।
তবে কেন এত কথা বলা,
এসো স্পর্শ করো,
স্পর্শ দেবে তোমায় নির্ভরতা
আশ্বাস।
এসো,
হাতে রাখো হাত
হৃদয়ে রাখো হাত
আর কথা নয়।
————————–
দূরত্ব
রেখা নাথ
সে ছিল এক সাধারণ মানুষ,
তার স্বপ্নে, জাগরণে —
সাধারণ মানুষের কথা,
সাধারণ মানুষের সুখ,
দুঃখ, আশা, আকাঙ্ক্ষা
স্বপ্ন ও ভালোবাসা
পাথেয় করে
সাধারণ মানুষের মাঝে
ঘুরতে-ঘুরতে
বলতে থাকে
পাঁজরে পাঁজর ঘষে আগুন
জ্বালাবার কথা।
সাধারণ মানুষের
বুকে বাজে
বজ্র।
রক্তে ওঠে
তুফান
উদ্দীপিত সাধারণ
মানুষ
উত্তাল হয়ে ওঠে
সমুদ্রের মতো।
সে ছিল এক সাধারণ
মানুষ।
সাধারণ মানুষের কথা
বলতে বলতে
সাধারণ মানুষের মাঝে
ঘুরতে ঘুরতে
সে হয়ে ওঠে একদিন
অসাধারণ মানুষ।
এখন সেই অসাধারণ
মানুষের
নাগাল পায় না
সাধারণ মানুষ।
——————————————-
লেখক পরিচিতি
লেখিকার জন্ম নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ। কিন্তু তাঁর শৈশব, বেড়ে ওঠা, শিক্ষা-দীক্ষা ও কর্ম জীবন সব এলাহাবাদেই। এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে অর্থশাস্ত্রে স্নাতকোত্তর। ১৯৮২ সালে এলাহাবাদ থেকে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘তূণীর’ প্রকাশ করতেন। বিবাহসূত্রে দিল্লি বাসী লেখিকার বিভিন্ন পত্র-পত্রিকায় ( দেশে ও বিদেশে ) গল্প,কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়। হিন্দি ও ইংরেজিতেও লেখা প্রকাশিত হয়েছে। রেখা পানামার কবি রোখেলিও সিনানের দশটি স্প্যানিশ কবিতা বাংলায় অনুবাদ করেছেন।
২০১০ সালে প্রকাশিত হয়েছে তাঁর একটি অণুগল্প ও ছোট গল্প সংকলন ‘ঈশ্বর ও মানুষ’। ডিসেম্বর ২০২২ সালে কলকাতার “গাঙচিল প্রকাশন” থেকে প্রকাশিত হয়েছে তাঁর করোনা অতিমারি সংক্রান্ত বই ‘কোভিড-১৯ আমার জীবন আমার লড়াই’।
দিল্লি বইমেলা, মার্চ,২০২৫ সালে কলকাতা “কথোপকথন প্রোডাকশন” থেকে প্রকাশিত হয়েছে “আত্মজ” গল্প সংকলন।
দিল্লীর “উন্মুক্ত উচ্ছ্বাস” পত্রিকা থেকে গল্পের জন্য পুরস্কৃত হয়েছেন ১৯৯৬ সালে। কলকাতার “কফিহাউস” পত্রিকা থেকে অণুগল্পের জন্য সম্মান পত্র পেয়েছেন ২০০৬ সালে।
সুইডেনের “অনুশীলন পত্রিকা” থেকে ‘রাইটার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ২০১৩ সালে।
কাজ করে চলেছেন। করোনা অতিমারির সময় পুরো পরিবার আক্রান্ত হয়েছিল। সেই চরম ভয়ংকর অবস্থা থেকে বেঁচেও লিখছেন কবিতা, বাঁচার অনিবার্য পথ হিসেবে।
এখানে বেরুলো তাঁর লেখা “জীবন” কবিতা। পৃথিবী নিয়ে আমাদের ছিনিমিনি খেলার নির্মল অভ্যেসকে কত নিখুঁত আয়তনে তুলে
ধরেছেন।
আবার, বিপরীতে জৈবিক প্রেমের উপরেও কবিতা লিখে দেখালেন কত অনায়াস তাঁর অনুভূতির বদল ও স্বচ্ছলতা।
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…
The dol festival of Nabadwip, a column by Shyamal Mondal is an wonderful english writing. We as readers need his…
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…