কবিতা–এসো মা লক্ষ্মী
কলমে–নীতা কবি মুখার্জী
লক্ষী আমাদের শান্ত শিষ্ট সুন্দর এক মেয়ে,
তাঁর প্রসাদেই খাই আমরা ভাতটুকু ঘি দিয়ে,
“এসো মা লক্ষী বসো”– আহ্বান করি তাঁকে,
কোজাগরীতে আলপনা দিয়ে বরণ করি “মা”কে।
ঠাম্মা বলেন লক্ষী নাকি দেখেন ঘুরে ঘুরে,
যার বাড়ীতেই প্রদীপ জ্বলে থাকেন তারই ঘরে।
কোজাগরী পূর্ণিমা রাত স্বপ্নের দেশ জেনো,
মায়ের প্রসাদ বর্ষণ হয় মনে প্রাণে মেনো।
দূর্গা পূজা শেষ হলেই তো লক্ষীর পুজো হবে,
এই নিয়েই তো গেরস্থ ঘর ব্যস্ত থাকেন সবে,
বাদ্যি, ঘণ্টা, কাঁসর কিছু চান না লক্ষ্মী-মা,
নিষ্ঠা আর ভক্তি দিয়েই সাধনা করে যা।
ধনের দেবী, রূপের দেবী, সুখের দেবী যিনি,
লক্ষী নামেই সব শান্তি, মঙ্গলময়ী তিনি।
ধনের পিছে ছুটে বেড়ায় মর্ত্যবাসী যত,
সৎকর্মেই অর্জন হয় সৎ জীবনের ব্রত।
লক্ষী আর নারায়ণের যুগল আরাধনায়,
ঘটের পুজো,পটের পুজো, ব্যস্ত থাকে সবাই
সবার শেষে তোমার কাছে এই প্রার্থনা করি,
সবার মুখে অন্ন জোগাও মা গো সুরেশ্বরী।