সময় আগামীর
প্রবীর কুমার গুহ
__________________________
সময় ছবি আঁকছে, আগামীর !
তাঁর মগ্নতায় কৌতুহলী হয়েও জানিনা,
কি তাঁর গল্পের চূড়ান্ত নির্যাস !
সময়ের বাসনায় কি আছে লুকানো,
শোষিতের উত্তরণ নাকি আরো উগ্রতার
নিঃস্বকারী আঘাত, সংকট জর্জরিত
ভয়াবহ অবনমন_
এখনো জানিনা !
সময় ছবি আঁকছে, যেমন তাঁর দায় সেভাবেই__
কে কি চায়, সে সেসব কখনোই ভাবেনা !
সময় নিবিষ্ট মনে ছবি আঁকছে,কখনো
দ্রুত কখনো ধীর লয়ে,ছড়ানো ছিটানো
অচেনা রঙের বাহার !
সময়ের কল্পনায়,
ছড়িয়ে যাচ্ছে কখনো অসহ্য কালো রাত, বসন্তের খাঁজে খাঁজে ;
কখনো ফুলকির মতো ফুটছে আশা
গুলো হতাশার ভাঁজে ভাঁজে_
এমন অনেকই পরিবেশ, বহুধা বিভক্ত
রঙে রাঙা হয়ে উঠবে হয়তো ভবিষ্যতে
তাঁর আপন খেয়াল !
দীগন্তের আগামী ভোরে,
লালাভ প্রেম ছড়িয়ে জীবন গুলো
তাঁর সুখ স্বপ্ন আবার ফিরে পাবে কিনা,
জানিনা……… জানিনা !
প্রশ্ন, সংশয় কত কিছুই আজ জাগে এ
আতঙ্কিত মনে__
সময় কি আদৌ সুস্থ গল্প চায় !
কেননা,
সময় কিছু আগেও যে বদলের ছবি
এঁকেছিল ;
আজ তাঁর সে গল্প যে বিষাক্ত-রক্তাক্ত
যত কুটিল উৎসবে !
নিপীড়নের, অন্যায়ের শাখাপ্রশাখায়,
পাশবিকতা পোড়া লাশের গন্ধে হুমকি
হয়ে যায় !
ছড়িয়ে সে ত্রাস ;থরে থরে শহীদের লাশ ;
এ গল্পে শৈশবের ভবিষ্যত মাঝ রাতে
নিশ্চিহ্ন হয় বিনা দোষে,দগ্ধতায় !
সময় আসলে কোন ছবি আঁকতে চায়,
সে কি মুছবে তাঁর সমস্ত ভুল আগামী
উপন্যাসে __
সে এখনও ধোঁয়াশায়;
তবু থাকি অনন্ত আশায়, নতুন বাহারি
মুকুল ফুটবেই আগামীর ইতিহাসে !
এখন আমিও মগ্ন হয়ে নিবিষ্ট চিত্তে
দেখছি, সময় আঁকছে কোন্ আগামীর
ইতিহাস_
একেকটা রঙের আঁচড় এখনো যদিও
বোঝা দায়,মানবতা কি পরিচ্ছন্ন হবে !
সময় আঁকছে ছবি,কার হবে আগামী !
মনে হচ্ছে কখনো যেন_
প্রতিবাদী জিহাদের ঢংয়ে,ধীরে ধীরে
যন্ত্রণা বিদ্ধ হৃদয় গুলো
জাগছে মরীয়া স্পর্ধার রঙে !
আমি বড়ই উদগ্রীব একান্ত কামনায়,
সময় তুমি সেই বদলের ছবি আঁকো ;
তোমার আঁচড়ে ফুটুক স্বস্তির স্বপ্ন
গুলো__হোক সম্পূর্ণ অসহায়ের
চাহিদার চিরস্থায়ী সুস্থ সকাল !
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…