চেতনা

বিশ্বজিত মুখার্জ্জী
যত ছাড় দাও তুমি তত সহজ ভাবি আমি…
কাছে আসা বড় দূস্কর এ কেমন পাগলামী।
পাগল কি আর আমিই শুধু বিশ্ব চরাচরে..
প্রথম থেকেই বাঁধনহারা উদাস বাউল ঘরে!
উদাসী মন চঞ্চল হলে বাউলের সুরে গান…
আত্মীক পথে সংসারী চাই সমস্যার সমাধান!
সংসার যদি পাঠশালা হয় শ্মশানই শান্তির স্থল…
মায়ার বন্ধনে চোখ ভিজে যায় নিরাময় নিস্ফল।
বাঁচার রসদ অনেক ছিলো মিথ্যা আস্ফালনে…
শ্রীরাধিকার শান্তি স্থাপন কানুর বৃন্দাবনে!
খামতি ছিলো ডাকাই বুঝি কমতি ছিলো কভু?
মন্দির মাঝে শান্তি খুঁজি সময় পেলে প্রভু!
ইচ্ছেডানা
বিশ্বজিত মুখার্জ্জী
স্বর্গসুখের শান্তির ধাম তোমার উঠানখানি…
আমার উঠানে প্রখর রৌদ্র মৃত্যুর হাতছানি।
মৃত্যুর গতি চঞ্চল মতি অস্থির ভাবাবেগ…
বিপর্যস্ত উঠানে হাজির বিষাদের কালো মেঘ।
স্থবির পাহাড় উচ্ছল নদী বাকহীন নিরুপায়…
জীবন ফকির একতারা হাতে বাউলের গান গায়।
মনের গভীরে কথার সাগর জীবন উজাড় করে…
আঁধার নিশিথে বঞ্চনা নিয়ে বাঁচার তাগিদে মরে!
কে জানে কোথায়!জীবন নদীর কোন-খানে শেষ রেখা…
সেতু বন্ধনে প্রস্তুত মন খুঁজে চলে একা-একা।
মুক্তির লাগি আকুলি-বিকুলি একাকিত্বের ঘরে…
ন্যুব্জ হয়েছে কৃষ্ণচূড়াটি মায়াময় সংসারে!
অপরিতৃপ্ত মনের বাসনা গেরস্থালীর সাথী…
মায়ার নিবাসে মুক্তির স্বাদ ভিক্ষার হাত পাতি।
সুখের পসরা খুব ভাঙাচোরা ভর্তি হৃদের বাগে…
বোষ্টমী বেশে দেখা দিলো শেষে শুক্লাতিথির মাঘে!
নিঃশব্দ
বিশ্বজিত মুখার্জ্জী
সবার মধ্যে কিছুটা গলদ আর কিছু থাকে খুঁত…
এক কানাকড়ি মনের মূল্য আবেগটা অচ্ছুৎ!
আবেগের শুরু হৃদয়ের ঘরে মস্তিষ্কের খেলা..
বিষয়বস্তু শব্দ আখর সারবত্তার মেলা।
শ্বাস-প্রশ্বাসে কাব্যের রূপ সজনীর ঘরে ঋণ..
আস্থাভাজন বিশ্বাস করে রাত কেটে আসে দিন।
দিবারাত্রির বিশ্বাস ভারে প্রস্তুতি একা একা…
কাব্যের পথ কল্পনাময় সত্যের রূপরেখা।
আশা নিরাশার দোলাচলে ভাসে অজানার অভিরূপ….
ব্যস্তবাগীশ সংসার মাঝে শব্দরা আজ চুপ।